ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারখানায় ভারী ফিডের বস্তাচাপায় শ্রমিকের মৃত্যু

কারখানায় ভারী ফিডের বস্তাচাপায় শ্রমিকের মৃত্যু
×

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০২:৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রভিটা ফিড কারখানায় কাজ করার সময় ভারী ফিডের বস্তাচাপায় মো. ইউসুফ (৬৪) নামে এক বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বারআউলিয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারআউলিয়ায় মো. নুরনবীর মালিকানাধীন প্রভিটা ফিড কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন ইউসুফ। বৃহস্পতিবার রাতে ট্রাকে ফিডের বস্তা তোলার সময় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সনাতনী পদ্ধতিতে হাতে ও মাথায় করে অত্যন্ত ভারী বস্তা বহনের সময় একটি বস্তা তাঁর শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি ছয় থেকে সাত বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রভিটার এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অধিকাংশ শিল্পকারখানায় ভারী মালপত্র ওঠানো-নামানোর জন্য আধুনিক যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। কিন্তু এখানে এখনও শ্রমিকদের মাথায় করে ভারী বস্তা বহন করতে হয়। বৃহস্পতিবারও সেই পুরোনো পদ্ধতিতে কাজ করতে গিয়েই ইউসুফের প্রাণ গেল।

তিনি আরও অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×