‘৫৮ মাস ক্ষমতা আছে, যেভাবে চাই সেভাবে চলতে হবে’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ১০ মে ২০২৬ | ২০:৫১
| প্রিন্ট সংস্করণ
‘আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। গত ১৭ বছর আপনাদের কাউকে দেখি নাই একটি নিউজ করতে। সুতরাং ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে।’ গত শুক্রবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা শনিবার বিষয়টি জেলার গণমাধ্যম কর্মীদের জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সমকালের হাতে আসা একটি ভিডিওতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘এখানে উপস্থিত একজন সাংবাদিকও কিছু লিখেনি। লিখলে নাঙ্গলকোটের বেহাল দশা থাকত না, আরও উন্নত হতো।’ একপর্যায়ে তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ফ্যাসিস্টের দোসর। আপনি চ্যালেঞ্জ করছেন? আমার কাছে ডকুমেন্ট আছে। আমি ডকুমেন্ট নিয়ে কথা বলি। আমি চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না। আমি ইত্তেফাকের কর্তৃপক্ষকে বলব, তারাও বিএনপি করেন। আপনি (মজিবুর) ফ্যাসিস্টের দোসর। আমার এখান থেকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোক দেওয়ার জন্য। গত ১৭ বছর কোনো আওয়ামী লীগের লোকের সঙ্গে আমি আপস করি নাই। আজকে আপনার সঙ্গে কেন মিটিং করব? আমি মিটিং করতে অপারগ।’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক) আমার চাচা। উনিও ফ্যাসিস্টের দোসর হিসেবে দেশ থেকে পালাইছেন। অনেক সাংবাদিক জেলে রয়েছেন। আপনারা নাঙ্গলকোটে মায়ের কোলে আছেন তো এজন্য আমাকে আন্ডার স্টিমেট করেন। নো, আমি কোনো ফ্যাসিস্টের দোসরের সঙ্গে বসতে পারি না?’
সভায় সাংবাদিক সংগঠন পুনর্গঠনের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমরা সব গ্রুপকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন করব। সাংবাদিকতা করতে হলে কী কী যোগ্যতা লাগে তা নিয়ে প্রেস ক্লাবের সদস্য করা হবে, যা আমার প্রতিনিধিদের মাধ্যমে করা হবে।’
শনিবার রাতে বক্তব্য জানতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার মোবাইল ফোনে কল করা হলেও রিসিভি করেননি।
ওই সভায় উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, নাঙ্গলকোটে সাংবাদিকদের তিনটি গ্রুপকে এক করে একটি স্থানে বসার ব্যবস্থা করতে তাঁকে দায়িত্ব দিয়েছেন এমপি। সভায় বিগত সরকারের সময়ে একজন সাংবাদিকের ভূমিকা নিয়ে কথা হলেও পরে পুরো বিষয়টি এমপি মোবাশ্বের ব্যাখ্যা করেছেন।
