ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্ধ হচ্ছে না মাছ ও পোনা শিকার, হুমকিতে হাকালুকি হাওরের মৎস্যসম্পদ

বন্ধ হচ্ছে না মাছ ও পোনা শিকার, হুমকিতে হাকালুকি হাওরের মৎস্যসম্পদ
×

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২৩:৫৪

মৌলভীবাজারের হাকালুকি হাওরে অবৈধ জাল ব্যবহার করে অবাধে পোনা ও মা মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ মারাত্মক হুমকিতে পড়েছে। অবাধে পোনা নিধনের কারণে হাওরের দেশি মাছের উৎপাদন কমে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে।

প্রশাসন অভিযান পরিচালনা করলেও স্থানীয় সংঘবদ্ধ চক্রের কারণে মাছ নিধন পুরোপুরি বন্ধ হচ্ছে না। পর্যাপ্ত লোকবল ও আধুনিক জলযান না থাকায় বিশাল হাওর এলাকায় গভীর রাতসহ প্রায় সময় অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সেই সুযোগ কাজে লাগিয়ে হাকালুকি হাওরে অবৈধ বিভিন্ন ধরনের জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার চলছে। বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত, এমনকি সকালেও অবৈধ বেড়জাল, চায়না দুয়ারি, কারেন্ট জাল ও প্লাস্টিকের চাই দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ধরা হচ্ছে অবাধে।

বুধবার (১৩ মে) বিকেলে হাকালুকি হাওরে ভূকশিমইল ইউনিয়ন দিয়ে প্রবাহিত ফানাই নদী ও চকিয়া বিল এলাকায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। 

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ বলেন, হাওরের ফানাই নদী ও চকিয়া বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দোয়ারী জাল, ৪৪৮টি প্লাস্টিকের চাই ও ৪টি বেড় জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া জাল দিয়ে শিকার করা প্রায় ২০০টি বোয়াল মাছ, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুনরায় বিলে অবমুক্ত করা হয়। এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। পরে নৌকাটি ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। তবে মাছ ধরায় জড়িত ব্যক্তিরা অভিযানের খবরে আগেই সরে যান জাল ও নৌকা রেখে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ ও কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমানসহ পুলিশ সদস্যরা।

স্থানীয় সূত্র জানা গেছে, হাকালুকি হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকলেও প্রতিদিন অবৈধ জালে অবাধে পোনা বা মা মাছ শিকারে কারণে হুমকিতে হাওরের মৎস্য সম্পদ।

হাকালুকি হাওর এলাকার জেলেদের বিকল্প জীবিকায়ন কর্মসূচির আওতায় এনে জেলেদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলে বর্ষা মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুন

×