শিক্ষার্থীকে পেটালেন মাদ্রাসার অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৪:৫৭
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামের হাজি মনসুর আহমেদ একাডেমি মাদ্রাসায় শিক্ষার্থীকে পিটিয়েছেন অধ্যক্ষ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার এই ভিডিও ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজি মনসুর আহমেদ একাডেমি (ইংলিশ ভার্সন) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র রায়হানকে দেয়ালে রংয়ের পুটিং লাগাতে বলা হয়। কিন্তু কাজটি করতে গিয়ে পুটিং নষ্ট করে ফেলে রায়হান। এর জেরে গত ১১ মে মাদ্রাসা চলাকালে রায়হানকে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে পেটাতে থাকেন অধ্যক্ষ মোল্লা সহিদুল ইসলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় রায়হানকে পেটাচ্ছেন মাদ্রাসার অধ্যক্ষ। এ সময় সে চিৎকার করলেও পাশে থাকা লোকজন দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিলেন। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোল্লা সহিদুল ইসলাম বলেন, ‘আমি ২-৩টি আঘাত করেছি। বিষয়টি এভাবে ভাইরাল হবে, ভাবিনি।’
বৃহস্পতিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুমিল্লা
- মাদ্রাসা ছাত্র
- ভিডিও ভাইরাল
