হামে শিশুমৃত্যু
দায়ীদের বিচার চেয়ে সিপিবির বিক্ষোভ
জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২০:৫৩
সারাদেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা এবং শিশুমৃত্যু রোধে অবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা। শুক্রবার বিকেলে নগরের সিনেমা প্যালেস চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান দলটির নেতারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সীতাকুণ্ড থানা সভাপতি জহির উদ্দীন মাহবুব, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হামের প্রাদুর্ভাব এবং শিশুমৃত্যুর ক্রমবর্ধমান ঘটনায় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
তাদের অভিযোগ, শিশুদের টিকাদান কর্মসূচিতে অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতা এবং প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগের ঘাটতির কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছাতে সীমাবদ্ধতা, স্বাস্থ্যকর্মীর সংকট এবং চিকিৎসা সুবিধার অভাব সংকটকে আরও তীব্র করেছে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণেই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেন তারা। একই সঙ্গে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান নেতারা। জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়ে নেতারা বলেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। অন্যথায় প্রতিরোধযোগ্য রোগে মৃত্যুর ঘটনা আরও বাড়তে পারে। সিপিবি নেতারা অবিলম্বে সারাদেশে কার্যকর টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত এবং স্বাস্থ্য খাতে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান।
- বিষয় :
- চট্টগ্রাম
