বেরোবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:২১
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়, আইসিটি কুইজ ষষ্ঠ-অষ্টম জুনিয়র, নবম-দশম সিনিয়র ও সাইবার সিকিউরিটি কুইজ ষষ্ঠ-অষ্টম জুনিয়র, নবম-দশম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চ মাধ্যমিক। প্রোগ্রামিং কনটেস্টে ষষ্ঠ-অষ্টম জুনিয়র, নবম-দশম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চ মাধ্যমিক ক্যাটেগরির অন্তর্ভুক্ত ছিল।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞান চর্চার লক্ষ্যেই এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এতে রংপুর বিভাগের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের প্রোগ্রামার কেয়া রানী বলেন, আইসিটি ডিভিশনের অধীনে সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক নিরাপদ ইন্টারনেট দিবস এবং সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অবস্থানকারীকে ঢাকায় পাঠানো হবে এবং পাঁচ দিনের একটি ট্রেনিং করানো হবে। তারা জাতীয় পর্যায়ে এবং প্রথম তিনজন বিজয়ী আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার আয়োজক ও বেরোবি সিএসই বিভাগের প্রধান ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকেদেরও আগ্রহ লক্ষ্য করেছি। আমার মনে হয়, এ ধরনের প্রতিযোগিতা যদি আমাদের দেশে প্রতিবারই আয়োজন করা হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে যে ক্রিয়েটিভ আইডিয়া, সেগুলো জাগ্রত হবে।
বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, প্রতিযোগিতায় সবার বিজয়ী হওয়া সম্ভব নয়; কিন্তু আজ না হোক, কাল না হোক, একদিন ঠিকই সফলতা আসবে। আজকে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন এবং যারা হতে পারেনি আমি মনে করি ব্যর্থতাই সফলতার পথ।
- বিষয় :
- বেরোবি
