চেয়ারম্যানের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
ঘাটাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসায় এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার। মাসখানেক আগে তাঁর অন্যত্র বিয়ে হয়েছিল। ঘাটাইলের কলেজপাড়ায় সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুর বাসায় গত রোববার বিকেলে মারা যান সূচনা (১৮) নামের ওই তরুণী। চেয়ারম্যানের স্বজনরা তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে জানালে মরদেহ ফেলে পালিয়ে যান তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, একমাস আগে মধুপুর উপজেলায় পারিবারিকভাবে সূচনার বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ভাতিজা মো. শাওয়ালের সঙ্গে তিনি স্বামীর বাড়ি ছাড়েন।
সূচনার বাবা জানান, নিখোঁজের তিনদিন পর চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি সমাধানের জন্য পরিবারগুলোর মধ্যে আলোচনা চলছিল। গত রোববার সন্ধ্যায় পারিবারিকভাবে বসে সমাধানের কথা ছিল। এর আগেই সূচনার মৃত্যু সংবাদ পান। তিনি বলেন, মাইয়াডারে ওরা মাইরা ফালাইছে। শ্বাসরোধে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম বলেন, জরুরি বিভাগে নিয়ে আসার আগেই সূচনার মৃত্যু হয়। ফোনে যোগাযোগ করা হলে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ভাতিজা তাঁকে নিয়ে ঢাকায় চলে যায়। বিষয়টি সমাধান করার জন্য আমার বাসায় বসার সিদ্ধান্ত হয়। পরে মেয়েটি আত্মহত্যা করে। ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
