ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য দূর করতে একসঙ্গে কাজ করতে হবে: এনামুল হক এনাম

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য দূর করতে একসঙ্গে কাজ করতে হবে: এনামুল হক এনাম
×

ছবি: সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:১৯

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি বলেন, জনগণ যেন দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা পায়, এ লক্ষ্যে সরকার কাজ করছে।  

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পটিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই ভূমি সেবায় স্বচ্ছতা আনা জরুরি। কিন্তু দুঃখজনকভাবে এখনো বিভিন্ন জায়গায় দালালদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই ভূমিসেবা সপ্তাহের পর থেকে পটিয়া ভূমি অফিস সম্পূর্ণ দালালমুক্ত হবে। মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়া সরাসরি সেবা পায়, এটাই আমাদের লক্ষ্য।’

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে এসিল্যান্ড আছেন, তিনি একজন দক্ষ কর্মকর্তা। আমি আশা করি, তার নেতৃত্বে ভূমি অফিসে সুশৃঙ্খল ও স্বচ্ছ সেবা নিশ্চিত হবে। কোনো অবস্থাতেই জনগণকে হয়রানি করা যাবে না।’

তিনি ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সেবা কেন্দ্রেও অনিয়মের কথা উল্লেখ করে বলেন, ‘অনেক জায়গা থেকে অভিযোগ আসে, সাধারণ মানুষ ঠিকভাবে সেবা পাচ্ছে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের প্রতিশ্রুতি হলো জনগণ যেন নির্বিঘ্নে সব সেবা পায়।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও যদি দালালচক্র সক্রিয় থাকে, তাহলে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল আলম ছোটনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পটিয়ায় সপ্তাহব্যাপী ভূমিসেবা মেলার কার্যক্রম শুরু হয়েছে, যেখানে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্যসেবা প্রদান করা হবে বলে জানা গেছে। 

আরও পড়ুন

×