ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
১০০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজনের ঘোষণা
ছবি: সংগৃহীত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৪৮
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন। দেশের ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য আরও বাড়াতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসে আরও ১০০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করা হবে। পাশাপাশি নদী ও জলাশয় এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করতে ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপনের পাশাপাশি বাহিনীর সদস্য সংখ্যা ধাপে ধাপে ৩০ হাজারের বেশি উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে মুন্সিগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক মানের একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সদস্যদের আবাসন সংকট নিরসনে রাজধানীর মিরপুর এলাকায় আবাসিক ভবন নির্মাণ এবং ফায়ার সার্ভিস সদর দপ্তরের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি) সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
