খুলনা বিশ্ববিদ্যালয়
১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা বরখাস্ত
ফাইল ছবি
খুলনা ব্যুরো/খুবি সংবাদদাতা
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০১:০৭
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত সোমবার তাঁকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি প্রকাশ করা হয়।
অভিযুক্ত ইউসূফ রায়হান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফায়েকুজ্জামানের ভাগনে। এর আগে ২০১৭ সালে তাঁর নিয়োগের সময়ও স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল।
তাঁকে বরখাস্তের চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম মাহবুবুর রহমান উল্লেখ করেন, ‘ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় সুষ্ঠু তদন্ত এবং দাপ্তরিক শৃঙ্খলা রক্ষার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেন। এ ছাড়া শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থও ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
সম্প্রতি শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পান, তাদের জমা দেওয়া ফি বিশ্ববিদ্যালয়ের মূল হিসাবে জমা হয়নি। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হলে কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জমা দেওয়া বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে জমা না হওয়ার তথ্য সামনে আসে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। বক্তব্য জানতে তাঁর নম্বরে একাধিকবার কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়
- খুবি
- অর্থ আত্মসাৎ
