ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিযোগ পেয়ে ৪০ জনের ছাগল পাল্টে দিল প্রশাসন

অভিযোগ পেয়ে ৪০ জনের ছাগল পাল্টে দিল প্রশাসন
×

কলমাকান্দায় দরিদ্র সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর গতকাল মঙ্গলবার নতুন করে নির্ধারিত ওজনের ছাগল বিতরণ করা হয় সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

কলমাকান্দা উপজেলায় দরিদ্র ৪০ জনকে নতুন করে সঠিক ওজনের ছাগল দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ছাগলগুলো বিতরণ করা হয়। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ১০০ জনের মধ্যে কঠোর নজরদারিতে ছাগল বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, গত সোমবার কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। অভিযোগ ওঠে– কিছু ছাগলের ওজন নির্ধারিত আট কেজির কম। এমনকি ওজন বাড়িয়ে দেখাতে ডিজিটাল মেশিনের ভেতরে লোহার রিং ব্যবহারের ঘটনাও সামনে আসে। যা নিয়ে ‘ছাগলের ওজন বাড়াতে মেশিনে লোহার রিং’ শিরোনামে সমকালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে প্রশাসন নড়েচড়ে বসে। পরে কম ওজনের ছাগল পাওয়া উপকারভোগীদের তালিকা তৈরি করে পরিবর্তন কার্যক্রম শুরু হয়।
নতুন করে ছাগল পাওয়া উপকারভোগী অলিভিয়া নংমিন, জয়ন্তী দাওয়া, রবি হাজং, জয় পদ্ম হাজং, এডেড মানকিন ও মাহাদুর ম্রং জানান, প্রথমে হতাশ ছিলেন তারা। পরে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে এবং এখন সঠিক ওজনের ছাগল পেয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার সমকালকে জানান, মূল ঠিকাদার সরাসরি এখানে আসেন না। তাদের সাব-ঠিকাদার ছাগল ও উপকরণ পৌঁছে দেন। প্রথম ধাপে বিতরণ করা কিছু ছাগলের ওজনে সমস্যা পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে। যেসব উপকারভোগী কম ওজনের ছাগল পেয়েছিলেন, তাদের পাল্টে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি প্রায় ১০০ জন উপকারভোগীর মাঝে নিয়ম অনুযায়ী প্রতিটি কমপক্ষে আট কেজি ওজনের ছাগল ও উপকরণ বিতরণ করা হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলামের ভাষ্য, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রথম ধাপে ১০০ জনের মধ্যে ৬০ জনের ছাগলের ওজন সঠিক ছিল। আর বাকি ৪০ জনের ৮০টি ছাগল পাল্টে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ডিজিটাল মাপার যন্ত্রটি সঠিক আছে বলেও দাবি করেন তিনি।
 

আরও পড়ুন

×