বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩
দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি- সমকাল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২১:১৮
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকায় র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ‘সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
