ফটিকছড়িতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২৩:০০
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক শিশু ও খামার মালিকসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ও পাইন্দং ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান দুই যুবক। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের জয় মল্লিক (১৮) এবং রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের সীমান্ত দাশ (২২)।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন একটি মাছের প্রজেক্টে পানিতে ডুবে এক শিশু ও প্রজেক্ট মালিকের মৃত্যু হয়েছে।জানা যায়, ওই মাছের প্রজেক্টের পানিতে তিন শিশু পড়ে গেলে খামার মালিক মফিজুর রহমান দ্রুত উদ্ধার করতে নামেন। তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও মুনতাহিনা নামের তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ থাকে। তাকে পুনরায় খুঁজতে গিয়ে মফিজুর নিজেও পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা মফিজুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশু মুনতাহিনার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কেএম টেক এলাকার আজাদের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও তাদের সাথে কোনো ডুবুরি দল ছিল না। ফলে তারা কার্যকর কোনো উদ্ধার অভিযান চালাতে পারেননি। স্থানীয়দের সহায়তায়ই মরদেহগুলো উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
