স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:২৫
কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাদী হয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
গ্রেপ্তার লতিফ উদ্দিন উপজেলার কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার জানায়, তার বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন ওই স্কুলছাত্রীর বাবা। ওইদিন দুপুরে শিশুটির মাও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে বাড়ি পাহারা দেওয়ার জন্য মেয়েটিকে রেখে যান। এসময় বাড়ির সামনে খেতে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির পরিবার আরও জানায়, ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় মেয়েটি। পরে ঘটনা খুলে বললে খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখেন। ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় রাজীবপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই শিশুর বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ও অভিযুক্ত লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- ধর্ষণচেষ্টার অভিযোগ
