রাঙামাটিতে সংবাদ সম্মেলন
দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবি
দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক দুই এমপি পদপ্রার্থী - সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে মন্ত্রিত্ব পদে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। গণঅধিকার পরিষদ সমর্থিত অপর প্রার্থী এম এ আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পার্বত্য শান্তিচুক্তির বিধান অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন। পার্বত্য চুক্তি অনুযায়ী এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ করতে হবে। ভবিষ্যতে এ মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাইরে কোনো ব্যক্তিকে যেন দায়িত্ব দেওয়া না হয়।
এক প্রশ্নের জবাবে পহেল চাকমা বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা ছয়জন প্রার্থী ছিলাম। তাদের সবার সমর্থনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্যস্ততার কারণে অন্যরা উপস্থিত থাকতে পারেননি। আমরা জানতে পেরেছি, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীপেন দেওয়ানকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।’
- বিষয় :
- সংবাদ সম্মেলন
