ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা

শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা
×

ছবি: সংগৃহীত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০১:০৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক মাধ্যমে এ সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাঁদের পেছনে একটি ব্যানার টাঙানো। এতে লেখা রয়েছে—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’।

পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেছে।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গতকাল শুক্রবার সকালে বলেন, ‘সভায় যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন

×