ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

গাজীপুর

পুলিশ বক্সের ভেতর ঢুকে সাংবাদিককে পেটালো যুবক

পুলিশ বক্সের ভেতর ঢুকে সাংবাদিককে পেটালো যুবক
×

স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি আলী বাবু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৮:৪১ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৮:৪২

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ব্যস্ততা ও মহাসড়কের যানজটের চিত্র স্টার নিউজের লাইভে তুলে ধরছিলেন চ্যানেলটির গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু। লাইভ শেষ হলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড়ের পুলিশ বক্সে বসে ল্যাপটপে কিছু ফুটেজ এডিট করছিলেন। এরই মধ্যে হঠাৎ এক যুবক পুলিশ বক্সের ভেতর ঢুকে বাবুর ওপর হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই ওই যুবক বাবুকে পেটাতে থাকে। আকস্মিক ওই হামলায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সবাই। 

সাংবাদিকের চিৎকার শুনে ছুটে আসেন দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয়রা। পরে হামলাকারীকে আটক করা হয়। সাংবাদিক বাবুকে উদ্ধার করে ভর্তি করা হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। 

হোসাইন আলী বাবু বলেন, আজ শনিবার দুপুরের দিকে লাইভ শেষ হওয়ার পর পুলিশ বক্সে গিয়ে বসেন তিনি। এর পরপরই অপরিচিত এক যুবক তার সামনে এসে কয়েকবার তার পরিচয় জানতে চায়। তখন বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি হামলাকারীর রূপ নেবে, তা কল্পনাও করেননি তিনি।

প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশ তাজউদ্দিন বলেন, বক্সের সামনেই দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ বক্সের ভেতর অনেক শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি, সাংবাদিক বাবুকে এলোপাতাড়ি মারধর করছে এক যুবক। চেয়ার উঠিয়ে তাকে মাথায় আঘাত করতে চেয়েছিল। আমি মাঝখানে এসে ফেরানোর সময় আমার শরীরেও আঘাত লেগেছে। মাথায় আঘাত পেয়েছে, শরীর রক্তাক্ত হয়েছে। আমি নিজে তাকে সেভ করেছি। 

স্থানীয়দের মতে, চান্দনা চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধ চক্রের আনাগোনা রয়েছে। সংবাদকর্মীরা মাঠে কাজ করতে গেলে অনেক সময় তাদের অপতৎপরতা প্রকাশ্যে চলে আসে। গত বছরের ৭ আগস্ট রাতে একই এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহীনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তুহীন তার মোবাইলে একটি সন্ত্রাসী ছিনতাইকারী চক্রের চাঁদাবাজি ও হামলার ভিডিও ধারণ করেছিলেন। সন্ত্রাসীরা তাকে ভিডিও ডিলিট করতে বললে তিনি সাংবাদিক হিসেবে নিজের পরিচয় দেন ও অস্বীকৃতি জানান, যার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা বলছেন, সাংবাদিক বাবুকে কোনো নির্জন গলি কিংবা জনমানবহীন এলাকায় ঘটেনি; ঘটেছে একটি পুলিশ বক্সের ভেতরে। যে স্থাপনাটি সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার উপস্থিতির প্রতীক। সেখানে একজন সাংবাদিক হামলার শিকার হওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গাজীপুরে কর্মরত সাংবাদিকরা বলছেন, এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর হামলা নয়; এটি তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের স্বাধীন পরিবেশের ওপরও আঘাত। কারণ, মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, তাহলে সত্য তুলে ধরার কাজও বাধাগ্রস্ত হবে। হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও এখন সময়ের দাবি। 

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, হামলাকারী যুবকের নাম জুয়েল রানা (২৮)। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। ভবঘুরের মতো চান্দানা চৌরাস্তা এলাকায় ঘুরাফেরা করতেছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×