ঢাকা বিভাগের সেরা এসএমসি সভাপতি মশিয়ার রহমানকে সংবর্ধনা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০ | ০৪:২১
জাতীয় শিক্ষা পদক-২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মশিয়ার রহমান ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলফাডাঙ্গা শিক্ষা অফিসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মশিয়ার রহমানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতিকণা বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আবু রক্কার, লাবনী রায়, চরকাতলাসুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম ও চরখোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
এ বছরের জানুয়ারি মাসে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি, প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বাছাই কমিটির সদস্য সচিব ও ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে শ্রেষ্ঠ সভাপতির তালিকা প্রকাশ করা হয়।
মশিয়ার রহমান ২০১৩ সালে চরকাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন।
