জীবন নিল হাতুড়ি ডাক্তার লাখ টাকায় রফাদফা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
নবীগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে ভুয়া চিকিৎসকের অপচিকিৎসার জেরে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সন্তানের এই করুণ মৃত্যুর দফারফা করা হয়েছে এক লাখ টাকার বিনিময়ে।
উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। যেখানে শামসুদ্দীন নামের স্থানীয় এক ফার্মেসি ব্যবসায়ী ও কথিত চিকিৎসকের ভুল চিকিৎসায় জীবন দিতে হলো ৯ বছরের শিশু তানহা বেগমকে। ভুয়া চিকিৎসকের চিকিৎসায় গুরুতর অসুস্থ হওয়ার পর তানহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য পরিবার পক্ষ থেকে আবেদনও জানানো হয় সামাজিক মাধ্যমে। অথচ মৃত্যুর পর সেই সন্তানের লাশ এক লাখ টাকায় চাপা দেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তানহার।
বিষয়টি আপসে মীমাংসার ব্যাপারে জানতে চাইলে নিহত তানহার মামা আলমগীর মিয়া জানান, হাতুড়ে চিকিৎসক শামসুদ্দিনকে সঙ্গে নিয়ে ইউপি চেয়ারম্যান মক্কী নগদ এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি আপসে মীমাংসা করে দিয়েছেন।
পরিবার জানায়, নানা বাড়িতে বেড়াতে গিয়ে দাঁতের সমস্যায় আক্রান্ত হলে গত ২৭ মে নানি খোসেদা খাতুন তানহাকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে শামসুদ্দিনের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে ফার্মেসি ব্যবসায়ী ও কথিত দাঁতের চিকিৎসক শামসুদ্দিন কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শিশুটির দাঁত তুলে দেন।
নিহত তানহার মামা আলমগীর মিয়া বলেন, ‘আমার ভাগনি মারা গেছে, স্থানীয় চেয়ারম্যান শাহ মাসুদ কোরাইসি মক্কী ভাই বিষয়টি আপসে মীমাংসা করে দিয়েছেন। তানহার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।’
এ বিষয়ে ৮নম্বর খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদ কোরাইসি মক্কী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কীভাবে শেষ হয়েছে তা জানা নেই।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মৃত্যু
