ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন কাল

উদ্বোধন করবেন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন কাল
×

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:২০

একদিনের সফরে আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি। রাতে ঢাকার উদ্দেশে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরসূচিতে থাকা উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিগুলো সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

×