ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মুক্তিযুদ্ধে শহীদ দাবি

এটা সে ভুল করে বলে ফেলেছে—বললেন জামায়াতের সেই এমপির বাবা

এটা সে ভুল করে বলে ফেলেছে—বললেন জামায়াতের সেই এমপির বাবা
×

সংসদ সদস্য আব্দুল মুনতাকিম

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২২:৪১ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২৩:১২

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের বাবা জীবিত আছেন। জামায়াতের এই এমপির বাবা আব্দুল কাদের সৈয়দী বলেছেন, 'হয়তো এটা সে ভুল করে বলে ফেলেছে। তবে মানুষ হিসেবে সে খুব ভালো এবং মানবিক।' 

এবার জাতীয় নির্বাচনে তার ছেলে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে উল্লেখ করে তিনি সবার দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আব্দুল মুনতাকিম সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আব্দুল কাদের সৈয়দীর ছেলে। 

এর আগে গত ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’ 

সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম বলেন, ‘এটা এমপি মহোদয়ের স্লিপ অব টাং। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই ভালো।’  

সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য না করে তিনি জানান, এ বিষয়ে পরে কথা বলবেন।  

আরও পড়ুন

×