সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবি
ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে পৃথক দুটি সেতুর সংযোগ সড়ক সংস্কার করে উঁচু করার দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা সমকাল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
ছাতক-কোম্পানীগঞ্জ সড়কের নির্মাণাধীন পৃথক দুটি সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) সংস্কারের মাধ্যমে উঁচু করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখালসংলগ্ন সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে গোয়ালগাঁও-আমবাড়ি সেতু ও প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে গণেশপুরে আপ্তরখাল সেতু নির্মাণ করা হচ্ছে। তবে এই দুটি সেতুর সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড অত্যন্ত নিচু করে তৈরি করা হচ্ছে। বর্তমান স্বাভাবিক সময়েই সড়কের কিছু অংশ ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুমের স্বাভাবিক পানি অথবা বন্যা হলে পানির উচ্চতা আর মাত্র দুই ফুট বাড়লেই পুরো সড়কটি পানির নিচে চলে যাবে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংযোগ সড়ক নিচু হওয়ার কারণে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন সেতু দুটি বর্ষা মৌসুমে জনসাধারণের কোনো কাজেই আসবে না, সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। তাই বর্ষা বা বন্যার সময়েও যান চলাচল সচল রাখতে প্রাক্কলন (এস্টিমেট) সংশোধন করে নির্মাণাধীন সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে আরও অন্তত দুই মিটার উঁচু করে নির্মাণ করা উচিত। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমুখ।
- বিষয় :
- দাবি