লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক মেয়ে আশঙ্কাজনক
ঘটনাস্থলে স্থানীয় লোকজন। ছবি ভিডিও থেকে নেওয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৪:৫৭ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৯:১৮
লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মা শাহীনুর বেগম (৩৮), মেজ মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বড় মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সায়মা আক্তারকে (২১)। নিহতদের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে রায়পুরে একটি ভাড়া বাসায় থাকেন।
সায়মা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আহত ইকরা আক্তার রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। উত্তেজিত জনতার ইটপাটকেলে অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
কী কারণে ঘটনাটি ঘটেছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহীনুর সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর বেগম ওই বাসায় থাকেন। আজ সকালে বাসার মধ্যে শাহীনুর ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি জানান, অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। তখন উত্তেজিত লোকজন ইটপাটকেল ছোড়ে। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- হত্যা
- গণপিটুনি
