ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

টেকনাফে গুলি ছুড়ে পল্লিচিকিৎসককে অপহরণ 

টেকনাফে গুলি ছুড়ে পল্লিচিকিৎসককে অপহরণ 
×

প্রতীকী ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৫৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দিনদুপুরে গুলি ছুড়ে কামাল উদ্দিন (৬৫) নামে এক পল্লিচিকিৎসককে অপহরণ করা হয়েছে। রোববার দুপুরে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকা থেকে তাঁকে অপহরণ করে দুর্বৃত্তরা। কামাল উদ্দিন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাহাড় থেকে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি এলাকায় প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল উদ্দিনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চায়। পরিবারের সদস্যরা বাধা দিলে অপহরণকারীরা ফের গুলি ছুড়ে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইলিয়াস বলেন, আমাদের এলাকার একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অস্ত্রধারীদের গুলিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভাবে প্রতিদিন ঘটনা ঘটলে মানুষের নিরাপত্তা কোথায়?

খবর পেয়ে বিজিবির ছয় সদস্যের টহল দল ঘটনাস্থলে পৌঁছে। তারা অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

×