ছাগলের মুখে নল ঢুকিয়ে পানি খাইয়ে ওজন বাড়ানোর ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২১:০২
বাঞ্ছারামপুরে বেশি দামে বিক্রির আশায় কৃত্রিমভাবে ওজন বাড়াতে ছাগলের মুখে নল ঢুকিয়ে পানি খাওয়ানো হচ্ছিল। এই ঘটনা দেখে একজন ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন– কড়ইকান্দি গ্রামের বাসিন্দা চাঁন বাদশা এবং তাঁর সহযোগী শাহদাত হোসেন। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রূপসদী উত্তর বাজারের (পশুর হাট) পশ্চিম পাশে রূপসদী ইউনিয়ন ভূমি অফিস। তার পাশের একটি নলকূপ থেকে গত ২৪ জুন নল দিয়ে ছাগলকে জোর করে পানি খাওয়ানো হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মোতালেব তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনা জানতে পেরে গত শনিবার প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৬ (গ) ধারায় একটি সাধারণ ডায়েরি করেন বাঞ্ছারামপুর প্রাণিসম্পদ কার্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভেটরিনারি সার্জন সেরদাতুল ইসলাম। এরপর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি ছাগলকে শক্ত করে ধরে তার মুখে নল ঢুকিয়ে জোর করে পানি খাওয়ানো হচ্ছে। এতে ছটফট করছে ছাগলটি, মুক্ত হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রাণীটির সেই আকুতি যেন কারও কানে পৌঁছায়নি। ওজন বাড়ানোর নামে তার মুখে পাইপ ঢুকিয়ে পানি ঢালা হচ্ছে। প্রাণীর প্রতি এমন আচরণকে অমানবিক ও নিষ্ঠুর উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তাদের ভাষ্য, অতি লাভের আশায় একটি অবুঝ প্রাণীর ওপর এমন নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টাকার জন্য এই মানুষগুলো কতটা নিষ্ঠুর হতে পারে পশুর প্রতি তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল। কয়েক হাজার টাকা বেশি লাভের জন্য যদি একটি প্রাণীর জীবন ও সুস্থতাকে ঝুঁকির মুখে ফেলা হয়, তাহলে তা শুধু আইন ভঙ্গ নয়, মানবিক মূল্যবোধেরও অবক্ষয়।
সদর গ্রামের জুবায়ের রহমান বলেন, অল্প কিছু টাকা বেশি লাভের জন্য একটি পশুর ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে এটি না করলেও পারত। যদি মানুষ হতো তাহলে কথা বলতে পারত, কিন্তু এই প্রাণী তো কথা বলতে পারে না বোবা। জড়িতদের শাস্তি হওয়া দরকার।
ভেটেরিনারি সার্জন সেরদাতুল ইসলামের ভাষ্য, একটি ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় দুজনের নাম উল্লেখ করে প্রাণী কল্যাণ আইনের ২০১৯ এর ৬(গ) ধারায় জিডি করেছেন তিনি। এই আইনে বলা আছে– কোনো প্রাণীকে জোর করে খাওয়ানো যাবে না, খাওয়ানো হলে অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, ছাগলকে জোর করে পানি খাইয়ে ওজন বৃদ্ধির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
