ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন করার দাবি

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক  ৬ লেন করার দাবি
×

৯ দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে আয়োজিত মানববন্ধনের একাংশ। গতকাল বুধবার আন্ধারমানিক সেতুর উত্তর পাড়ে সমকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবি জোরালো হয়েছে। গতকাল বুধবার সকালে ৯ দফা দাবিতে কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করে। সেখানে বক্তারা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু, পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও দাবি জানিয়েছেন।
উপজেলার রজপাড়া প্রবেশদ্বার থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সচেতন নাগরিক, রাজনৈতিক নেতাসহ হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। 

কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ূন সিকদার বলেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর, ১৩২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কলাপাড়ায় স্থাপিত হয়েছে। সারাবছর এ সড়কে যানবাহনের চাপ থাকে। মহাসড়কটি সরু হওয়ায় প্রায় সময়ই যানজট হয়। ফলে নানা সময়ে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। ফলে পর্যটনশিল্প, ব্যবসা-বাণিজ্য ও দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ছয় লেনের মহাসড়ক নির্মিত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। তাই জনস্বার্থে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। 

কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পর্যটনশিল্পের বিকাশ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু ও অর্থনৈতিক অগ্রগতি দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য দাবি। এ কারণেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 
অন্যান্য বক্তা বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গরূপে চালু করলে বন্দরটি দেশের অর্থনীতি চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া পর্যটনশিল্প, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালিত হচ্ছে। মানববন্ধনে শত শত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গতকালের কর্মসূচিতে যে ৯টি দাবি তোলা হয়, সেগুলো হলো– ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা।
কর্মসূচির বিভিন্ন পয়েন্টে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বিএনপি নেতা মামুন সিকদার, নাগরিক সমাজের নেতা স্থপতি ইয়াকুব খান, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

আরও পড়ুন

×