ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

খুলনায় ৪ দিনের মধ্যে আরও এক যুবককে গুলি

খুলনায় ৪ দিনের মধ্যে আরও এক যুবককে গুলি
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৪০

খুলনায় চার দিনের মধ্যে রাতুল শেখ (২২) নামে আরেক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাতুল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতুল শেখ নগরীর হরিণটানা এলাকার আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে। তিনি শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করতেন।

এর আগে ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাতুল শেখসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তাঁর ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়।

ওসি বলেন, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিরা রাতুলের পরিচিত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাদের সম্পর্কে ভিকটিম কোনো তথ্য দিচ্ছে না। ঘটনার সঙ্গে এলাকার কিশোর গ্যাংসহ অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ জড়িত কিনা, আমরা খোঁজ নিয়ে দেখছি।

উল্লেখ্য, খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত বলে পুলিশের তথ্যে উঠেছে।

আরও পড়ুন

×