ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২১:১১

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন। 

সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আলিম পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে সোমবার সকালে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জ উপজেলার রাশেদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা ক্ষোভে লক্ষ্মীপুর-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে দুই ঘণ্টার বেশি সময় ধরে লক্ষ্মীপুর-চৌরাস্তা-ফেনী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×