ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ খেলা দেখতে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

বিশ্বকাপ খেলা দেখতে বসা  নিয়ে দফায় দফায় সংঘর্ষ
×

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

ফুটবল খেলা দেখতে সিনিয়র ও জুনিয়রদের বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিসরের মধ্যকার ম্যাচ দেখা নিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনে। তবে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। এ সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগে ফিরে গেলেও রাত ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়। 
প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আরও পড়ুন

×