উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতি
পুড়ল শতাধিক বৈদ্যুতিক যন্ত্র, নেসকোর গাড়ি ভাঙচুর
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে টানা প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর হঠাৎ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহে শতাধিক গ্রাহক ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার বিদ্যুতের এই অনিয়ন্ত্রিত প্রবাহের কারণে মুহূর্তের মধ্যে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, রাউটার, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। পরে রাত ৯টার দিকে তিলকপুর বাজার এলাকায় বিক্ষুব্ধ জনগণ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) কর্মীসহ একটি গাড়ি অবরুদ্ধ করেন। এক পর্যায়ে ঘটে গাড়ি ভাঙচুরের ঘটনাও।
এদিকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ অস্বীকার করেছেন নেসকোর সান্তাহার জোনের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল আলী খান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভারী বৃষ্টির পর তিলকপুর বাজার এলাকায় নেসকোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিদ্যুৎ এলেও ভোল্টেজ ছিল ব্যাপক বেশি। কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিকট শব্দে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিস্ফোরিত হতে থাকে এবং আগুনে পুড়ে যায়।
উচ্চ ভোল্টেজের কারণে তিলকপুর বাজারের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখার একটি কম্পিউটার, দুটি প্রিন্টার, একটি আইপিএস, একটি ইউপিএস, ফ্যান ও বাল্ব পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাজারের বেশ কয়েকটি দর্জি দোকানের বৈদ্যুতিক সেলাই মেশিনসহ শতাধিক বাসাবাড়ির মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি নেসকো কর্তৃপক্ষকে জানানো হলেও তারা রাত প্রায় ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এই দীর্ঘ দেরিতে ক্ষুব্ধ গ্রাহকরা নেসকোর কর্মীদের বহনকারী গাড়িটি অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা গাড়ির সামনের ও পাশের কাচ ভাঙচুর করে। পরে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার স্বত্বাধিকারী মুকুল হোসেন বলেন, বারবার জানানো সত্ত্বেও নেসকো সময়মতো ব্যবস্থা নেয়নি। দ্রুত পদক্ষেপ নিলে এত বড় ক্ষতি হতো না।
অভিযোগের বিষয়ে নেসকো সান্তাহার জোনের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল আলী খান গতকাল শুক্রবার দুপুরে বলেন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকার তথ্যটি সঠিক নয়, সরবরাহ স্বাভাবিক ছিল।
- বিষয় :
- বিদ্যুৎ