এক্সক্যাভেটর নিয়ে এসে কৃষকের ঘের দখল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
খুলনার ডুমুরিয়ায় আদালতের স্থিতাবস্থার নির্দেশ অমান্য করে এক কৃষকের ২ বিঘা ১৫ শতক জমিতে গড়ে তোলা মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের বিলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীপাড়া গ্রামের বিলে কৃষক আব্দুল কাদের শেখের ২ বিঘা ১৫ শতাংশ জমি রয়েছে। সেখানে তিনি ঘের তৈরি করে মাছ ও পাড়ে সবজির চাষ করে আসছিলেন। ওই জমি নিজেদের দাবি করে আসছিলেন শোভনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল শেখ ওরফে নজু, সদস্য হযরত দফাদার, সালাম শেখ, হামিদ শেখ, বিশ্বজিৎ পরামানিক ও কৃষ্ণ পরামানিক। ২০২৪ সালের নভেম্বরে তারা জমিটি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এ ঘটনায় জমিমালিক কাদের শেখের ছেলে আনিজ শেখ বাদী হয়ে ওই ৬ জনের বিরুদ্ধে (৭২৯-২০২৫ নং) খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দখলীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যায় নজরুল শেখ ওরফে নজু, হযরত দফাদার, সালাম শেখ, হামিদ শেখ, বিশ্বজিৎ পরামানিক ও কৃষ্ণ পরামানিকের নেতৃত্বে একদল লোক এক্সক্যাভেটর দিয়ে বাঁধ কেটে মাছের ঘেরটি দখল নেয়।
এতে কাদের শেখের মাছ, সবজিসহ দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
আব্দুল কাদের শেখের ভাষ্য, জমি তাঁর দখলে, মামলাও চলমান। আদালতের স্থিতাবস্থার নির্দেশও রয়েছে। এরই মধ্যে মাছ ও সবজি নষ্ট করে জোর করে তারা জমি দখল নিয়েছে। এ ঘটনায় তিনি কোথাও নালিশ করলে তাঁর অন্যান্য জমিও দখলে নেওয়ার হুমকি দিয়েছে হামলাকারীরা।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল শেখ বলেন, ‘ভাগ্য ভালো, কাদের শেখ ও তাঁর ছেলেকে পায়ের নিচে ফেলে মারা হয়নি! যা করেছি, লিগ্যাল করেছি। যা বোঝার তা আদালতে গিয়ে বুঝবো।’ অপর দখলদার বিশ্বজিৎ পরামানিকের দাবি, ইউএনও-ওসির সঙ্গে কথা বলেই তারা জমি দখল নিতে গিয়েছিলেন। তবে এসব অস্বীকার করেন ইউএনও নমিতা সরকার এবং ওসি খন্দকার হাফিজুর রহমান।
- বিষয় :
- দখল