ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

শ্বশুরালয়ে গেলেন শ্রীশ্রী যশোমাধব

শ্বশুরালয়ে গেলেন শ্রীশ্রী যশোমাধব
×

ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার শ্রীশ্রী যশোমাধবের রথ টেনে যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান ভক্তরা সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:০১

| প্রিন্ট সংস্করণ

সাড়ম্বরে উদ্বোধন করা হলো দেশের সর্ববৃহৎ ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা। ঢাকার ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক প্রমুখ।
এর আগে সকাল ১০টায় ধামরাইয়ের কায়েতপাড়ায় রথের সামনে ঢাকঢোল, বাদ্য, কাঁসর ঘণ্টা বাজিয়ে এবং উলুধ্বনি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে মন্দিরের পুরোহিত উত্তম গাংগুলি ও উজ্জল গাংগুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। পরে সন্ধ্যা ৭টায় যশোমাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো রথের ওপর স্থাপন করা হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি সারথির হাতে প্রতীকী রশি প্রদান করেন। এরপর ভক্তরা প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে শ্রীশ্রী যশোমাধবকে তাঁর কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যান। এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই রথটি প্রতি বছরের মতো ৯ দিন অবস্থান করবে। মাধব ও অন্য বিগ্রহগুলো রথ থেকে নামিয়ে ৯ দিন পূজা-অর্চনা করা হবে যাত্রাবাড়ি মন্দিরে। ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ টান। মেলা চলবে এক মাসব্যাপী।
রথমেলা নির্বিঘ্ন করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি তিন শতাধিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মেলাঙ্গণ নজরদারি করছেন বলে জানান ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
রথযাত্রা উৎসব উপলক্ষে ধামরাই কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অর্ধকিলোমিটার সড়কের পাশে বসেছে হরেক রকমের দোকান। 

আরও পড়ুন

×