ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবল

ভূরিভোজ উৎসব ফুটবলপ্রেমীদের

ভূরিভোজ উৎসব ফুটবলপ্রেমীদের
×

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কেনা গরু। গতকাল রোববার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে। ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১০:১৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১০:২১

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হওয়া ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মেতে ওঠেন উৎসবে। ইতোমধ্যে বিভিন্ন দলের বাংলাদেশি সমর্থকেরা বিশ্ব গণমাধ্যমের নজর কেড়েছেন। গতকাল রোববার রাতের ফাইনাল খেলা দেখা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় খাওয়া-দাওয়ার। বিভিন্ন দলের সমর্থকেরা একসঙ্গে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল উপভোগ করেন।

গোপালগঞ্জ ও ভৈরবে ব্যাপক আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তিন শতাধিক স্পটে ফাইনাল উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। গ্রামের ক্লাবে ক্লাবে বড় পর্দা বসিয়ে দেখা হয় খেলা। উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আয়োজনটি ছিল কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে। গতকাল সকাল থেকে আর্জেন্টিনার সমর্থকেরা সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। 

এই গ্রামের বরকতউল্লাহ বলেন, ‘আমরা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী ২০২২ সালের ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে আয়োজন করেছি। আমরা এক লাখ ৩০ হাজার টাকায় একটি গরু কিনেছি। সমর্থক ছাড়াও এতিম-অসহায় ব্যক্তিদের জন্য এই আয়োজন।’

উপজেলার যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনা দলের সমর্থক মান্নান শেখ বলেন, ‘আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে কান্দি ইউনিয়নের সমর্থকরা ১২টি জায়গায় আট হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমরা বড় পর্দায় খেলা দেখব। এখানে যারা আসবেন তাদেরও খাওয়ানো হবে।’

এদিকে গতকাল রোববার কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর এলাকায় খেলা দেখার আয়োজন করা হয়। স্থানীয় আটটি বংশের সব বয়সী মানুষ এতে অংশ নেন। খেলা স্পেনের সঙ্গে আর্জেন্টিনার হলেও বাদ পড়ছেন না ব্রাজিল সমর্থকেরাও। আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাবিবুল্লাহ নিয়াজ বলেন, যদিও ব্রাজিল ফাইনালে নেই, তবু ভৈরবপুরের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা মিলেই গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন। ব্রাজিল সমর্থক রাজু মিয়া এখন স্পেনের সমর্থন করছেন। তাঁর ভাষ্য, ‘এবার স্পেন বিজয়ী হবে। ব্রাজিল সমর্থকরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নয়, বরং ফাইনালে স্পেনের সমর্থন করব।’

আর্জেন্টিনা সমর্থক তানভীর আহমেদ বলেন, ‘আমরা খেলা দেখতে গিয়ে অনেকে অনেকের সঙ্গে ঠাট্টা-তামাশা করেছি। দীর্ঘদিনের তর্কবিতর্ককে ভালোবাসাময় করতে ভৈরবপুর এলাকার আটটি বংশ মিলে ভূরিভোজের আয়োজন করেছি।’

ভক্তের পাগলামি

সিরাজগঞ্জের তাড়াশের চা বিক্রেতা মো. রিপন হোসেনের কাণ্ড নজর কেড়েছে এলাকাবাসী। আর্জেন্টিনার এই পাঁড় সমর্থক সারা শরীরে এঁকেছেন প্রিয় দলের আকাশি-সাদা পতাকা। পৌর বাজারে তাড়াশ প্রেস ক্লাবের সামনে তাঁর চায়ের দোকান। গতকাল রোববার বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থক রিপনকে দেখতে দোকানে ভিড় করেন।

আরও পড়ুন

×