ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জ পৌরসভা

ডাম্পিং স্টেশন নেই, হুমকির মুখে জনস্বাস্থ্য

ডাম্পিং স্টেশন নেই, হুমকির মুখে জনস্বাস্থ্য
×

ছবি: সংগৃহীত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১০:০৬

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় দীর্ঘদিনেও ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়নি। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় পৌর এলাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এদিকে প্রয়োজনীয় জমি পেলেই ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন কমলগঞ্জ পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কমলগঞ্জ পৌরসভায় গত কয়েক বছরে বাংলাদেশ মিউনিসিপালিটি ওয়ার্টার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় পানি ও স্যানিটেশন খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। এতে পৌরবাসীর সুপেয় পানি সরবরাহের জন্য ছয় লাখ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওভারহেড জলাধার (ট্যাঙ্ক) নির্মিত হয়। পাশাপাশি ৩৫ কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন নির্মাণ ও ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্য প্রকল্পে সাড়ে ৩ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ ও সাড়ে ৩০০ বসতবাড়িতে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে চৌমুহনা ও ভানুগাছ বাজারে দুটি আধুনিক মানের পাবলিক টয়লেট নির্মাণকাজ এগিয়ে চলছে। 

এছাড়া পৌরসভায় মানব বর্জ্য সংগ্রহ ও পরিবহনের সুবিধার্থে আধুনিক মানের দুটি ভ্যাকুয়াম গাড়িও দেওয়া হয়।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এসব প্রকল্পে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে পৌর এলাকার পরিবেশ সুরক্ষায় একটি ডাম্পিং স্টেশনের নির্মাণ করা প্রয়োজন। এ জন্য অন্তত এক একর জমির প্রয়োজন। তবে পৌর এলাকায় এ পরিমাণ খাসজমি না পাওয়ায় ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প নিতে পারছেন না সংশ্লিষ্টরা।

কমলগঞ্জ পৌরসভার বাসিন্দা এম এ ওয়াহিদ রুলু, রুবেল আহমদ, অজিত চন্দসহ অনেকেই জানান, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাসাবাড়ি ও বাজারের ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী জানান, পৌর এলাকায় পানি ও স্যানিটেশন খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।এসব কাজ সম্পন্ন হওয়াতে পৌরবাসী ব্যাপক সুফল ভোগ করছেন। ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য চেষ্টা চলছে।

জানতে চাইলে কমলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, খাসজমি খোঁজা হচ্ছে। জমি পাওয়া গেলেই মন্ত্রণালয়কে জানিয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হবে।

আরও পড়ুন

×