ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দর

নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ, তথ্যে অসংগতি দেখছেন মা

নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ, তথ্যে অসংগতি দেখছেন মা
×

ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৮:০১ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ১৩:১০

| প্রিন্ট সংস্করণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) তিন সপ্তাহেও সন্ধান মেলেনি। তাঁকে জীবিত উদ্ধার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যরা নিখোঁজ তথ্যে অসংগতিসহ নানা অভিযোগ তোলেন। তারা তাঁকে জীবিত উদ্ধারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। 

গতকাল শনিবার সিলেট নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা জিডি তথ্যের সঙ্গে অসংগতি রয়েছে। নিখোঁজের পেছনে কারও হাত রয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ৯ জুলাই ধনঞ্জয় কুণ্ডু পিয়াস এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

ফরিদা ইয়াসমীন জানান, তাঁর ছেলে যেদিন নিখোঁজ হয়, সেদিন বিকেল সাড়ে ৫টায় তাঁর সঙ্গে ভিডিওকলে কথা হয়েছে। তখন সে বিমানবন্দর আবাসিক কোয়ার্টারেই ছিল। কিন্তু জিডিতে ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় সে নিখোঁজ হয়েছে বলে উল্লেখ করা হয়।

তিনি বলেন, এই তথ্যগত অসংগতির কারণে আমাদের সন্দেহ হচ্ছে, ঘটনার প্রকৃত তথ্য কেউ গোপন করছে। তিনি তাঁর ছেলের সঙ্গে যোগাযোগে থাকা ব্যক্তিদের, বিশেষ করে যিনি জিডি করেছেন, তাঁর বক্তব্যসহ সব তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। 

সংবাদ সম্মেলনে আরিফুল্লাহ জেলিনকে দ্রুত জীবিত উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত ও অভিযান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা, বিষয়টি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার এবং ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানানো হয়। 

আরও পড়ুন

×