তরুণীকে অচেতন করে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ
ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২১:৫৩
লক্ষ্মীপুরের কমলনগরে স্প্রে ছিটিয়ে অচেতন করে অটোরিকশাযাত্রী এক তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে। এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের দুদিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ওই তরুণী স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশনিস্ট পদে চাকরি করেন। গত ২৭ জুলাই অপরিচিত একটি নম্বর থেকে উপজেলার চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে মো. রবিন (২৪) তরুণীটিকে ফোন করে উত্ত্যক্ত করতে শুরু করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ডিউটি শেষে বাড়ি ফেরার উদ্দেশে অটোরিকশায় ওঠেন ওই তরুণী। রিকশাটি হাজিরহাট মেঘনা সিনেমা হল এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা রবিন ও তার সহযোগী রাকিব তরুণীর মুখে স্প্রে ছিটিয়ে অচেতন করে ফেলে। পরে তাঁকে দক্ষিণ চরজাঙ্গালিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে হাত-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে জ্ঞান ফিরলে তরুণী রবিন ও রাকিব ছাড়া সেখানে আরও চার যুবককে ইয়াবা সেবন করতে দেখেন। অনেক কাকুতিমিনতির পর কাউকে কিছু না বলার শর্তে তিনি সেখান থেকে ছাড়া পান। তবে ঘটনা জানাজানি করলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রবিন।
পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে তাঁর মা বাদী হয়ে গত শুক্রবার রাতে রবিন ও রাকিবের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদা (৯) ওই এলাকার ইদ্রিস মোল্লার মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা মদন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করার পর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সকাল ১০টার দিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে মদন শিশুটিকে ধর্ষণ করে। শনিবার বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসককে শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন প্রতিনিধিরা)
- বিষয় :
- ধর্ষণ
- ভিডিও ভাইরাল
- হুমকি