ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে মানববন্ধন

সব হাসপাতালে মানসম্মত সেবা চায় ছাত্র-জনতা

সব হাসপাতালে মানসম্মত সেবা চায় ছাত্র-জনতা
×

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতা আয়োজিত মানববন্ধন। গতকাল সোমবার সকালে মুক্তমঞ্চে সমকাল

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

বান্দরবান সদর হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্র-জনতা। গতকাল সোমবার সকালে মুক্তমঞ্চের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি তোলেন তারা। 

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার স্বাস্থ্যসেবায় নানা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। চিকিৎসক ও নার্সেরা নিয়মিত উপস্থিত থাকেন না। চিকিৎসা সরঞ্জামের সংকটে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা এখনও ভালো মতো পৌঁছায়নি। হামে আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের অভাব ও চিকিৎসা উপকরণের স্বল্পতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী দুর্ভোগে পড়ছে। অনেক এলাকায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। বাধ্য হয়ে স্থানীয় লোকজনকে কবিরাজি চিকিৎসার ওপর নির্ভরশীল হতে হচ্ছে। 

ছাত্রনেতা সইনাং খুমীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা উবাথোয়াই মারমা, জন ত্রিপুরা, থোয়াই অং মারমা, নেলসন ত্রিপুরা, সালাউ খেয়াং, নৈতিক জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ। এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো–বান্দরবান জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত হাসপাতালে উন্নীত করা; চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা; জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক 
অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনম, প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা; বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে কঠোর তদারকি নিশ্চিত করে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা; এমআরআই, সিসিইউ ও আইসিইউ স্থাপনে দ্রুত উদ্যোগ নেওয়া।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। 

আরও পড়ুন

×