গুলিবিদ্ধ সেই ছাত্রদল নেতার মৃত্যু
ইব্রাহিম আল মাসুম
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৯:২৮
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। ৯ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম আল মাসুম পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।
গত ১ আগস্ট রাতে ডাঙ্গার হাসনহাটা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন। পূর্বশত্রুতার জেরে বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে পেটে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুম। এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ১০ জন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
এদিকে ছাত্রদল নেতা মাসুমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত মাসুমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ছাত্রদল নেতা মাসুমের ভগ্নিপতি বাদি হয়ে পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।