মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেন: শাহরাস্তিতে ৫ পুলিশ সাময়িক বরখাস্ত
ছবি- সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২০:২০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ২১:২৭
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম এবং কনস্টেবল ইসতিয়াক।
বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে স্থানীয় জনতা। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে তার কথোপকথন, অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে জানা যায়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশ সদস্যদের কথিত যোগাযোগ ও অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে গত ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী মিজানুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।