পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
র্যাগিংয়ে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে, তদন্ত কমিটি
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:৪৮
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের এক শিক্ষার্থী বুধবার রাতে র্যাগিংয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান হাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে হাবিবসহ বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের হলের কমনরুমে নিয়ে র্যাগিং করা হয়। একপর্যায়ে হাবিব অসুস্থ হয়ে পড়েন। ওই রাতে প্রথমে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৫-২০ জন শিক্ষার্থী পরিচিত হওয়ার কথা বলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হলের কমনরুমে বিভিন্ন বিভাগের ৩০-৩৫ জন শিক্ষার্থীকে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রথমে ধমকানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। সিগারেট খেয়ে তাদের মুখের ওপর ধোঁয়া ছাড়া হয়। কান ধরে উঠবসও করানো হয়। ১০০ থেকে উল্টো দিকে গণনা করতে বলা হয় এবং গণনায় ভুল হলেই শুরু থেকে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়। এসব দেখে হাবিব কিছুটা ভয় পেয়ে যান। একপর্যায়ে তিনি শারীরিক অসুস্থতার কথা সিনিয়র শিক্ষার্থীদের জানান। এরপর তাঁকেও র্যাগ দেওয়া হয়। তাঁকে গালাগালসহ কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে দুই শিক্ষার্থী তাঁকে ধরে গণরুমে নিয়ে যান। অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তদন্ত কমিটি গঠন
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়। এতে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম ও সহযোগী অধ্যাপক মো. ফয়সালকে সদস্য এবং সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। তিন কার্যদিবসের কমিটিকে তদন্ত শেষ করতে বলা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়