নাশকতার পরিকল্পনা, শৈলকুপায় সাবেক এমপিসহ আটক ৫
বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ফাইল ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) ও বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২০:৫৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ২১:১৪
নাশকতার পরিকল্পনা, গোপনে মিছিলের ইন্ধন ও শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শৈলকুপা থানা পুলিশ ঝিনাইদহ শহরে নায়েব আলী জোয়ার্দ্দারের বাসায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
আটককৃত অন্যরা হলেন– শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের বাদশা আলমগীর, বালাপাড়া গ্রামের আজিজুল ইসলাম, গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সজীব ও মাধবপুর গ্রামের হাসিবুল ইসলাম। শনিবার ঝিনাইদহ আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা জানান, নায়েব আলী জোয়ার্দ্দার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তাঁর অনুসারীদের দিয়ে সারুটিয়া ইউনিয়নে মিছিলের ইন্ধন, নিয়মিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনা করে আসছেন। গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকেসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
এদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত জুন মাসে বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি মামলা করেন। মোকাদ্দেস ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম জানান, শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।