ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর

বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ আট দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। গতকাল শনিবার সিলেট নগরীর কুমারপাড়ায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে এই দাবি জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা। 
সাক্ষাৎকালে শ্রমিক নেতারা তাদের অধিকার, ভূমি ও জীবনমান উন্নয়ন-সংক্রান্ত আট দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে তুলে দেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক নেতাদের কথা শোনেন এবং তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার আশ্বাস দেন। তিনি জানান, চা বাগানগুলোর বাস্তব পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হবে। এই টিমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরে ব্যবস্থা নেবে।
স্মারকলিপিতে তুলে ধরা দাবিগুলোর মধ্যে রয়েছে দৈনিক মজুরি বর্তমান ১৮৭ দশমিক ৪৩ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা, বসতভিটার স্থায়ী মালিকানা ও সুলভ বাসগৃহ নিশ্চিত করা, 
চা শ্রমিক ইউনিয়নের স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করা এবং শ্রম আইনে চা শ্রমিকদের ছুটি, গ্র্যাচুইটি ও উচ্ছেদ-সংক্রান্ত বৈষম্যমূলক ধারা সংশোধন করা।

এ ছাড়া চা অঞ্চলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সরকারি চাকরিতে অগ্রাধিকার প্রদান, ২১টি উপজেলায় চা জনগোষ্ঠী শিল্পকলা একাডেমি স্থাপন, বাকি ৬৭টি চা জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা এবং ঐতিহাসিক মুল্লুকে চল আন্দোলনের দিনকে চা শ্রমিক দিবস হিসেবে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষে পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, বিজয় হাজরা, সাংগঠনিক সম্পাদক পরেশ কালিন্দী, রাজু গোয়ালা, অর্থ সম্পাদক ধনা বাউরী, কমল বুনার্জী, দেবু কাউরী ও রতন পালসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×