ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘তোমার ফল, তোমার গল্পের শেষ নয়’

‘তোমার ফল, তোমার  গল্পের শেষ নয়’
×

অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সমাবেশে নওগাঁর ডিসি ও এসপি- সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:২৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

‘আমার প্রচণ্ড ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হব। কিন্তু এইচএসসি পরীক্ষায় অংকে খারাপ ফল করায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদনই করতে পারিনি। ভেঙে পড়েছিলাম। কিন্তু মা ও পরিবারের অন্য সদস্যরা আমাকে সাহস দিয়েছিলেন। বলেছিলেন, ইঞ্জিনিয়ারিং পড়তে না পারলেও অন্য কিছু পড়ে জীবনে সফল হওয়া সম্ভব। সেই সাহসেই নতুন করে শুরু করেছিলাম। পরে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে প্রথমবার বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চাকরি পাই।’

কথাগুলো বলছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তাঁর সামনে বসা সারি সারি মুখ। কারও চোখে হতাশা, কারও মুখে মলিনতা। এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়েছে, কেউ পেয়েছে প্রত্যাশার চেয়ে কম ফল। অনেকেরই হয়তো মনে হচ্ছিল, এই ফলই বুঝি জীবনের শেষ কথা। কিন্তু জেলা প্রশাসকের নিজের জীবনের গল্প শুনে উজ্জ্বীবিত হয় শিক্ষার্থীরা। একটি পরীক্ষায় ব্যর্থতা যে জীবনের শেষ নয়, বরং কখনও কখনও নতুন করে পথ চলার শুরু– নিজের অভিজ্ঞতা দিয়ে সেটিই বোঝানোর চেষ্টা করছিলেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সামনে জীবনের সাফল্যকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘জীবন মানেই সিঁড়ির পর সিঁড়ি। জীবনে একটি সিঁড়ি পার হলেই সফল হওয়া যায় না। কেউ এসএসসিতে এ প্লাস পেল মানেই সে সফল, আবার কেউ ফেল করল মানেই সে ব্যর্থ-এমনটা নয়।’ পুলিশ সুপার আরও বলেন, ‘সফলতার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। পরীক্ষায় খারাপ ফল করেও জগৎসেরা সাফল্য পেয়েছেন-এমন উদাহরণ পৃথিবীতে ভুরি ভুরি আছে। স্বপ্নের পেছনে লেগে থাকলে সাফল্য আসবেই।’ 
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য বিশিষ্টজনদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল সানজিদা আখতার। নওগাঁ প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। প্রত্যাশা ছিল জিপিএ ৫ পাওয়ার। কিন্তু কাঙ্ক্ষিত ফল হয়নি।

সানজিদা বলে, ‘ফল খারাপ হওয়ার জন্য পরিবারের লোকজন অনেক কথা শুনিয়েছে। আমার মন ভেঙে গিয়েছিল। কিন্তু আজ এখানে এসে স্যারদের কথা শুনে অনুপ্রেরণা পেয়েছি। অতীতে যেসব ভুল করেছি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো ফল করতে চাই।’

সীমান্ত পাবলিক স্কুলের মুসা ইব্রাহিম আদিব বলেন, ‘আমারও প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। মনে হচ্ছিল, এতদিনের পরিশ্রম বুঝি ব্যর্থ হয়ে গেল। কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে বুঝতে পারছি, একটি পরীক্ষার ফল দিয়ে জীবনের সাফল্য-ব্যর্থতা নির্ধারণ করা যায় না। বিশিষ্টজনদের এই অনুপ্রেরণা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে সাহস দিয়েছে।’
গতকাল সোমবার নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ অকৃতকার্য ও অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুপ্রেরণামূলক শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সমাবেশে এমনই আবেগঘন পরিবেশ তৈরি হয়। সমাবেশের মূল স্লোগান- ‘তোমার ফল, তোমার গল্পের শেষ নয়।’
চলতি বছর নওগাঁর সাত উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করতে পারেনি। এমন ফলের পর হতাশ শিক্ষার্থীদের মানসিক শক্তি ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। 

আরও পড়ুন

×