২০ মাসের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ কারাগারে
ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
প্রতীকী ছবি
কুড়িগ্রাম ও ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:৪০
সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী শিশুকে ধর্ষণের মামলায় পুলিশ মরম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় বলা হয়, গত রোববার সকাল ১১টার দিকে মরম আলী প্রতিবেশী ২০ মাস বয়সী শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করছিলেন। শিশুটির মা তা দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় মরম পালিয়ে যান। শিশুকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা মামলা করেন। মধ্যরাতে পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত রোববার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোমবার মামলা নথিভুক্ত করে পুলিশ।
মামলায় এলাকার শাহাদৎ হোসেনকে আসামি করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক।
স্থানীয়রা জানান, স্বামী তালাক দেওয়ার পর ওই তরুণী বাবার বাড়িতে থাকেন। গত রোববার দুপুরে প্রতিবেশী শাহাদৎ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। কাউকে ঘটনাটি জানালে হত্যার হুমকি দেন শাহাদৎ।
ভুক্তভোগী পরে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেন। সেদিনই স্বজনরা তাকে থানায় নিয়ে গেলে তিনি লিখিত অভিযোগ দেন। ঘটনার সত্যতা পেয়ে আজ মঙ্গলবার পুলিশ মামলা নথিভুক্ত করে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তারা ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।