চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৩:২০
জামালপুরের ইসলামপুরে চোর সন্দেহে যমুনা নদীতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে ইসলামপুর থানায় মামলাটি করেন তাঁর স্ত্রী মর্জিনা বেগম। মামলায় ৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে ময়নাতদন্ত শেষে গত রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে নুর মোহাম্মদের লাশ হস্তান্তর করে পুলিশ। নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে দূর সম্পের্কের আত্মীয় জাহাঙ্গীর আলম এবং দেওয়ানগঞ্জের দক্ষিণ বড়খাল গ্রামের রফিকুল ইসলামকে নিয়ে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকায় ঘোরাঘুরি করছিলেন নুর মোহাম্মদ। এ সময় স্থানীয় জেলেরা তাদের মাছ ধরার জাল চোর সন্দেহ করে। একপর্যায়ে তাদের নৌকাটি পাড়ে ভেড়াতে বলেন জেলেরা। এতে সাড়া না দিলে তাদের ধাওয়া করেন জেলেরা। একপর্যায়ে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া নৌ ঘাটের পশ্চিমপাড়ে টাকীমারী নামক যমুনা নদীর মধ্যবর্তী চরে ওই তিন ব্যক্তিকে ধরে ফেলেন জেলেরা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে সেখান থেকে নুর মোহাম্মদের লাশসহ আহতদের ইঞ্জিনচালিত নৌকায় করে বরুল এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ নিহত নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে। একই সঙ্গে মারধরে আহত রফিকুল এবং জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল নদী এলাকায় হওয়ায় মামলাটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বাহাদুরাবাদ ঘাট নৌ থানার পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, ‘তদন্ত শুরু করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- মামলা