ধলেশ্বরীর তীরে সরকারি জায়গা দখল করে হচ্ছে স্থাপনা
মুন্সীগঞ্জে ধলেশ্বরীর তীরে সরকারি জায়গা দখল করে হচ্ছে স্থাপনা। মঙ্গলবার তোলা সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকাজ চলছে। কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে স্থানীয়রা মুখ খুলছেন না।
গতকাল মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখা যায়, লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় নদীর পার ঘেঁষে আবারও স্থাপনা নির্মাণের কাজ চলছে। কার অনুমতি নিয়ে কারা সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করছে– এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ নির্মাণ কাজের সঙ্গে বাল্কহেড জাহাজ মালিক সমিতির সংশ্লিষ্টতার কথা বললেও সমিতির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালে লঞ্চ টার্মিনাল এলাকায় থাকা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছিল বিআইডব্লিউটিএ। দীর্ঘদিন ধরে জায়গাটি উন্মুক্ত থাকায় শহরের মানুষ কর্মব্যস্ততা শেষে সেখানে গিয়ে নদীর সৌন্দর্য উপভোগ ও স্বাচ্ছন্দ্যে সময় কাটাতেন। কিন্তু নতুন করে স্থাপনা নির্মাণ শুরু হওয়ায় সেই পরিবেশ বিনষ্ট হয়ে পড়ছে।
বাল্কহেড মালিক সমিতির সহসভাপতি আবদুল জব্বার বলেন, এখানে আমাদের একটি ঘর ছিল। সরকার সেটি ভেঙে দেওয়ার পর আমরা অন্য জায়গায় অফিস ভাড়া নিয়েছি। এখন কারা দোকান নির্মাণ করছে, তা জানি না। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, লঞ্চঘাটে নদীর পারে আগেও স্থাপনা ছিল। সরকার সেগুলো ভেঙে দিয়েছে। এখন আবার এখানে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে। কিন্তু কে কী বলবে, কারও সাহস নেই।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, যেখানে স্থাপনা হচ্ছে, ওই জায়গা বিআইডব্লিউটিএর। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা পড়েছে। সেখানে কেউ স্থাপনা নির্মাণ করলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। আমি তাদের বিষয়টি জানিয়েছি। তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।
- বিষয় :
- দখল