ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন
ছবি: সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০০:১৪
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড ও তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছেলেকে ৫০ হাজার ও বাবাকে ২০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
মামলার আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।
পরে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মাত্র সাত কার্যদিবসে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ে নিহত নায়েব আলীর পরিবার সন্তোষ প্রকাশ করে তা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ
- মৃত্যুদণ্ড