ডেঙ্গুতে কুমিল্লায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭০২ রোগী
খবির আহমেদ
সমকাল প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২২:১২
কুমিল্লার লাকসামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবির আহমেদ লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তাঁর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল। যদিও এই মৃত্যু খবর স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন খবির আহমেদ। পরে তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর রক্তে প্লাটিলেটের মাত্রা কমতে থাকে।
পরে চিকিৎসকের পরামর্শে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য খবির আহমেদকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক।
শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে খবির আহমেদের প্রথম জানাজা হয়। পরে বাদ জোহর তাঁর নিজ বাড়ি লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে দ্বিতীয় জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭০২ রোগী
এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২৮ হাজার ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭৭ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৮৮ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। এ ছাড়া বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১১৪, ময়মনসিংহে ৩৮, রাজশাহীতে ৫৫ এবং রংপুরে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছরই ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় এক লাখ দুই হাজার।