জনস্বার্থবিরোধী নীতি সংশোধন না হলে কঠোর আন্দোলন: সারজিস
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:২৬
জনস্বার্থবিরোধী নীতিগুলো সংশোধনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। অন্যথায় তরুণ সমাজ ও দেশবাসীকে নিয়ে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার বিকেলে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে এই সমন্বয় সভা হয়।
জনগণের প্রত্যাশা অনেক ক্ষেত্রে হুমকির মুখে পড়েছে দাবি করে সভায় সারজিস আলম বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কিন্তু জনগণের প্রত্যাশা আজ নানা ক্ষেত্রে হুমকির মুখে পড়েছে। সরকার গঠনের পর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। জনকল্যাণমূলক সংস্কার কিংবা জীবনমান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি।
তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিভিন্ন খাতের অব্যবস্থাপনায় জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। অন্যদিকে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিরপেক্ষ করার প্রতিশ্রুতি থাকলেও সেই সংস্কারের গতি অত্যন্ত মন্থর।’
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির খান তালাত মাহমুদ রাফি।
এ ছাড়া সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতাসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- এনসিপি
- সারজিস আলম
- চট্টগ্রাম
- বিএনপি
- সরকার