ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ 

দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ 
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৩৯

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জৈনপুর গ্রামের বাসিন্দারা। পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুন মিয়ার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কোম্পানির পক্ষে তদন্ত ছাড়া মামলা গ্রহণের অভিযোগ তুলে তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে কাউকে হয়রানির করা হবে না বলে আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের জহিরুল ইসলাম জহির, নাসিমা আক্তার, মাহমুদা আক্তার, শিল্পী আক্তার, তানভীর হোসেন, ফুল মিয়া প্রমুখ। 

স্থানীয়রা জানান, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ- জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত হলেও দীর্ঘদিন ধরে একটি কোম্পানির ভারী যানবাহন চলছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়। গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। 
২০ আগস্ট সিমেন্টভর্তি একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেন। এ সময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে সাতজনকে আহত করে। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেয়নি পুলিশ। 
সোনারগাঁ থানার এসআই হারুন মিয়া বলেন, প্রাথমিক তদন্তে ট্রাক আটকে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সার্কেল ও ওসি স্যার মামলা নিয়েছেন। থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, তদন্তে প্রমাণ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহণের বিষয়টি সত্য নয়। গ্রামবাসীর পক্ষে কেউ অভিযোগ দেননি।

আরও পড়ুন

×